পটিয়া প্রতিনিধি
পটিয়ায় দিনে দুপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ধলঘাট স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষের দরজা ভেঙে তিনটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এতে প্রতিষ্ঠানের প্রায় ১৪ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পটিয়ায় একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আতংকে রয়েছে এলাকাবাসী এসব ঘটনায় জড়িতরা বেশিরভাগ সময় অধরায় থেকে যাওয়ায় বার বার এ ধরনের ঘটনা ঘটছে বলে স্থানীয়দের ধারণা।
স্থানীয় সূত্র জানায়, শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ২-৩ জনের একটি চোরের দল ধলঘাট স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা তিনটি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়। একপর্যায়ে নৈশপ্রহরী সুভাষ নাথ বিষয়টি দেখে ফেললে চোরের দল তাকে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।
নৈশপ্রহরী সুভাষ নাথ জানান, দিনে দুপুরে সিলিং ফ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি আসিফ নামের এক কিশোর গ্যাং সদস্যকে দেখতে পান। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে চোরেরা পালিয়ে যায়। বিষয়টি তিনি কলেজের অধ্যক্ষকে জানান।
কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীন বলেন, ‘বিষয়টি পুলিশ প্রশাসনকে মৌখিকভাবে জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের সহযোগিতা কামনা করছি।'
তিনি আরও জানান, ধলঘাট স্কুল এন্ড কলেজে এর আগেও চুরির ঘটনা ঘটেছে। একের পর এক ঘটনায় কলেজ প্রশাসন উদ্বীগ্ন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) যুযুৎম যশ চাকমা জানান, ‘বিষয়টি মৌখিকভাবে জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
ধলঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী আবু বক্কুর বলেন, এলাকায় কিশোর গ্যাং চক্রের অপরাধ বেড়ে গেছে। এ ধরনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছি।