আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইনী সহায়তা কেন্দ্র’ (আসক) ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর লায়ন হাজী নুরুল আলম। সম্প্রতি সংগঠনের এক উচ্চপর্যায়ের সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়।
লায়ন হাজী নুরুল আলম চট্টগ্রামের পটিয়ার সন্তান। তিনি একাধারে লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্স ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট, দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল পটিয়া এস এ টিভির চেয়ারম্যান এবং ঐতিহ্যবাহী শান্তিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সফল সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
দীর্ঘ সময় ধরে লায়ন হাজী নুরুল আলম সমাজের অসহায়, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়ানো, দরিদ্র রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা, তীব্র শীত কিংবা করোনাকালীন দুর্যোগসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নিরন্ন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণসহ বহুমুখী সেবামূলক কাজে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় লায়ন হাজী নুরুল আলম বলেন, মানবাধিকার রক্ষা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের আইনি ও সামাজিক অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। আসক ফাউন্ডেশন আমাকে যে নতুন দায়িত্ব দিয়েছে, তা আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করার এই যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে।
এদিকে লায়ন হাজী নুরুল আলম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় পটিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর মেধা, দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের মানবাধিকার ও আইনি সহায়তা কার্যক্রম আরও বেগবান হবে।