বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিতে আন্তর্জাতিক শান্তি সংস্থা HWPL (Heavenly Culture, World Peace, Restoration of Light)–এর উদ্যোগে বোয়ালখালী পৌরসভাধীন কধুরখীল মারজিন বৌদ্ধ বিহার মিলনায়তনে গত ৮ মার্চ শনিবার, এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্বশান্তির প্রতীক হিসেবে এক হাজার প্রদীপ প্রজ্বলন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ- বোয়ালখালী শাখার সভাপতি ভদন্ত বিপস্সী মহাথের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ ভিক্ষু। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহ'র পুত্র ইমাদ এরশাদ উল্লাহ।
সভায় আরও উপস্থিত ছিলেন ভদন্ত প্রজ্ঞা উপেক্ষা ভিক্ষু, ভদন্ত নিরোধানন্দ ভিক্ষু, আনন্দ শ্রামনসহ অসংখ্য উপাসক ও উপাসিকা। বক্তারা বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ ও সংঘাত মানবতার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। মানুষ হত্যা ও একটি দেশকে ধ্বংস করা মানবাধিকারের পরিপন্থী। তাই তারা চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা উল্লেখ করেন যে, HWPL বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এছাড়াও কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারের নিরাপত্তা জোরদার করার জন্য ইমাদ এরশাদ উল্লাহ বিহারের জন্য সিসি ক্যামেরা প্রদান করেন।
এছাড়া পরবর্তীতে বিহারের সাধারণ সম্পাদক লায়ন সোহেল বড়ুয়া এর অর্থায়নে প্রায় ২,০০০ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. সংঘপ্রিয় মহাস্থবির এবং প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সাংসদ জনাব আলহাজ্ব এরশাদ উল্লাহ। উদ্বোধন করেন অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ মহাস্থবির, এবং অনুষ্ঠানে লায়ন সোহেল বড়ুয়া কৃতজ্ঞতা প্রকাশ করেন।