পটিয়া প্রতিনিধি
তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য প্রকাশিত কেন্দ্রীয় কমিটিতে পাহাড়, সাগর ও সমতলবেষ্টিত চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট গবেষক এ এস এম সুজা উদ্দিন। এর আগেও তিনি এনসিপির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং বান্দরবান আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নেন। এ ছাড়া বিগত সময়ে দায়িত্ব পালনকালে তিনি বৃহত্তর নোয়াখালী ও চট্টগ্রামের লক্ষ্মীপুর থেকে শুরু করে পর্যটননগরী টেকনাফ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের ১০টি গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলায় সফলভাবে আহ্বায়ক ও নির্বাহী কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করেন।
দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এ এস এম সুজা উদ্দিন বলেন, “আমাদের এই ভৌগোলিক অঞ্চলটি (চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল) কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। এখানকার রাজনৈতিক ময়দান যেমন আলাদা, তেমনি এখানকার বৈচিত্র্যময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও তাদের অভ্যন্তরীণ আলোচনার ধরনও সম্পূর্ণ ভিন্ন।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “পাহাড়ে বা সমতলে জোরপূর্বক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। এখানে সফল হতে হলে পুরোপুরি ‘জনবান্ধব রাজনীতি’ এবং অন্তর্ভুক্তিমূলক ‘জননীতি’র রূপরেখা নিয়ে কাজ করতে হবে, যেখানে প্রতিটি জাতিগোষ্ঠীর মানুষ নিজেদের এই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ মনে করবে।”