কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এএইচএম সফিকুজ্জামান। শনিবার (৪ এপ্রিল) সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচনে তিনি আবারও দায়িত্ব পান।
সভায় ১১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ দুই বছরের জন্য নির্বাচিত হয়। এতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে জামিল চৌধুরী, সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান রনি, কোষাধ্যক্ষ মোহা. শওকত আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ এবং প্রচার সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মন্ডল ও বাহাদুর সাজেদা আক্তার।
সভায় উপস্থিত ভোটারদের ৫১-২ ভোটে নিরঙ্কুশভাবে এই ১১ সদস্যের নির্বাহী পরিষদ গঠিত হয়। নবগঠিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
পুনর্নির্বাচিত সভাপতি এএইচএম সফিকুজ্জামান তাঁর নেতৃত্বে গঠিত কমিটিকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাডভোকেট আকবর হোসেন ও মোস্তাক আহাম্মদ।