মোঃ মনিরুল ইসলাম রিয়াদ স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের ফরেস্ট গেট এলাকায় মো. আজাদ (২৫) নামের এক যুবককে পেছন থেকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত এক ব্যক্তি।
আজ বুধবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মো. আজাদ রাস্তার একপাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় হঠাৎ পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি করে অজ্ঞাত এক ব্যক্তি। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে আজাদকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের ডান পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, আনয়নকারীর দেওয়া তথ্যমতে, পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে অজ্ঞাত ব্যক্তি ভিকটিমকে গুলি করেন। পরে তাঁকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত ব্যক্তি হামজারবাগ হাকিম শাহ হুজুরের বাড়ি এলাকার বাসিন্দা।