১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের ৪৫ শতাংশ কনটেইনারের নিয়ন্ত্রণের দায়িত্ব যাচ্ছে “দুবাইয়ের DP World" এর হাতে!
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (NCT) ও এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড (OCY) ১৫ বছরের জন্য একটি আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের মাধ্যমে পরিচালনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয়ের উপস্থাপিত খসড়া কনসেশন চুক্তিতে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দেয়। প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) কাঠামোর আওতায় বাস্তবায়নের কথা রয়েছে।
সরকারি PPP Authority-এর প্রকল্প প্রোফাইল অনুযায়ী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দুবাইভিত্তিক DP World-কে, দুবাই সরকারের মনোনীত প্রতিষ্ঠান হিসেবে, NCT-এর উন্নয়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য G2G কনসেশন দেওয়ার পরিকল্পনা করছে।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির ও মোহাম্মদ ইব্রাহিম খোকনের সই করা এক বিবৃতিতে বহুজাতিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডের নাম উল্লেখ করা হয়।
চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ কনটেইনার হ্যান্ডলিং স্থাপনা NCT। ২০২৫-২৬ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে মোট প্রায় ৩৫ লাখ TEU কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যার ৪০ শতাংশের বেশি NCT-এর মাধ্যমে পরিচালিত হয়েছে।
২০০৭ সালে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত NCT-তে পাঁচটি জেটি রয়েছে। চট্টগ্রাম বন্দরের ১৮টি কুইসাইড গ্যান্ট্রি ক্রেনের মধ্যে ১৪টিই এই টার্মিনালে রয়েছে। বর্তমানে টার্মিনালটি বাংলাদেশ নৌবাহিনী নিয়ন্ত্রিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিচালনা করছে।
NCT পরিচালনায় আন্তর্জাতিক অপারেটর নিয়োগের প্রক্রিয়া কয়েক বছর ধরে চলমান। ২০১৯ সালে প্রক্রিয়াটি শুরু হয় এবং ২০২৩ সালের মার্চে PPP মডেলে আন্তর্জাতিক বেসরকারি অপারেটর নিয়োগে নীতিগত অনুমোদন দেওয়া হয়।