আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
চট্টগ্রাম বিভাগের শিক্ষার প্রধান বাতিঘর, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম এবং জুলাই গণঅভ্যুত্থানে জীবন দেওয়া শহিদ হৃদয় চন্দ্র তরুয়া ও শহিদ ফরহাদ হোসেনের স্মৃতিবিজড়িত পাহাড় ও অরণ্যে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় এই পরিদর্শনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ সংসদ সদস্য নাহিদ ইসলাম, সংসদ সদস্য ও এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী এবং সহকারী প্রক্টরবৃন্দ। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, ক্যাম্পাসের শৃঙ্খলা, শিক্ষার্থীদের নিরাপত্তা, গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়কে লেজুড়বৃত্তিক দলীয় প্রভাবমুক্ত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
পরে চাকসু ভবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহীম হোসেন রনি ও অন্যান্য প্রতিনিধিরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
চাকসু নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষার্থীদের বিভিন্ন সংকট ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে নাহিদ ইসলাম গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন। হাসনাত আব্দুল্লাহ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আনুষ্ঠানিক মতবিনিময় শেষে চবি স্টেশনে ছাত্রশক্তির নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে চা-আড্ডায় অংশ নেন নেতৃবৃন্দ। এ সময় তাঁরা ক্যাম্পাসের ছোট দোকানদার ও শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে শিক্ষার্থীদের আড্ডার উষ্ণ মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে।
জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃবৃন্দের এই সফর প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি -এনসিপি চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবসময়ই দেশের যেকোনো যৌক্তিক ও অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আগামীর বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এনসিপি সর্বদা ছাত্রসমাজের পাশে রয়েছে। আমাদের শীর্ষ নেতৃত্বের আজকের এই সফর সাধারণ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে এবং প্রমাণ করেছে যে, এনসিপি-ই তারুণ্যের প্রকৃত কণ্ঠস্বর।"