মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) তিনজন নিরস্ত্র পুলিশ পরিদর্শকের কর্মস্থলে রদবদল আনা হয়েছে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে বলে এক দাপ্তরিক আদেশে জানানো হয়েছে।
শনিবার (১৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়। দাপ্তরিক নির্দেশ অনুযায়ী রদবদল অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে।
সিএমপি পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলীর স্বাক্ষরিত ওই আদেশে প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে এই পদায়ন ও বদলির সিদ্ধান্ত কার্যকর করা হয়।
আদেশ অনুযায়ী, খুলশী থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানকে সিএমপির লাইনওয়ারে বদলি করা হয়েছে। একই আদেশে সিটিএসবি-তে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহেদুল কবিরকে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দায়িত্ব বণ্টনে ভারসাম্য আনতেই এই ধরনের রদবদল করা হয়। দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তারা মনে করছেন, নিয়মিত পদায়নের মাধ্যমে মাঠ পর্যায়ের কার্যক্রমে গতি ও সমন্বয় বজায় রাখা সম্ভব হয়।
আদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে দাপ্তরিক কার্যক্রম অনুযায়ী পদায়ন বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে।