অরুণ নাথ : বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) টাঙ্গাইল জেলা সংসদ এর নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক, টাঙ্গাইল শ্রীমদ্ভগবদ্গীতা শিক্ষালয় এর দশক পূর্তিতে ‘সপ্তশতী’ স্মরণিকা প্রকাশ, কৃতী শিক্ষার্থীদের সনদ ও পুরষ্কার বিতরণীর অনুষ্ঠানমালা টাঙ্গাইল সদরস্থ শ্রীশ্রী বড় কালীবাড়ির নাট মন্দিরে সংগঠনের জেলা সভাপতি বাসুদেব শীল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি শ্যামল হোড় এবং মুখ্য আলোচক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, গবেষক, সাবেক কলেজ প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। তিনি বলেন, বাগীশিক গীতার আদর্শ প্রচারে এক অনুকরণীয় আধ্যাত্মিক ও সামাজিক সংগঠন। দেশের সব জেলায় এবং বিদেশের মাটিতেও ধর্মীয় আদর্শ চর্চায় এ সংগঠন অনবদ্য ভূমিকা রাখছে। আজকের শিশুদের আগামীর আলোকবর্তিকা হিসেবে গড়ে তুলতে গীতা শিক্ষার কোন বিকল্প নেই। সনাতনীরা এদেশে পূর্ণ নাগরিক মর্যাদায় বেঁচে থাকতে চায়।
শুরুতে পবিত্র গীতাপাঠ করেন কবি ও গীতা প্রশিক্ষক পূজা কর্মকার এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন কুমার বিশ্বাস। অনুষ্ঠানে মহান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা ও কেন্দ্রীয় সাবেক আহ্বায়ক, সাবেক অধ্যক্ষ, নন্দিত সংগঠক বিজয়লক্ষ্মী দেবী এবং আশীর্বাদক ছিলেন মির্জাপুরস্থ উত্তর বোয়াইল রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক স্বামী হরিহরানন্দ বিবেক মহারাজ। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহ্বায়ক অমল ব্যানার্জী, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন ড. পিনাকী দে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের টাঙ্গাইল জেলার সহকারী পরিচালক রমেশ চন্দ্র সরকার, বাগীশিক জেলা উপদেষ্টা সুরঞ্জন শেঠ তাপস। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাগীশিক কেন্দ্রীয় সহ-সভাপতি অম্লান কুমার কার্তিক নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কর্মকর্তা অধ্যাপক দীপক পাল। অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদ পরিচালিত বার্ষিক পরীক্ষায় গ্রহণকারী টাঙ্গাইল জেলার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। শেষে সংস্কৃতিজন সুজন ভৌমিকের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।