চট্টগ্রামে ২২ নভেম্বর ২০২৬ দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতিমূলক কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে স্থানীয় প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা ও কমিউনিটির সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-এর আয়োজনে এবং জার্মান ফেডারেল ফরেন অফিসের (জিএফএফও) অর্থায়ন ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় বাস্তবায়িত ‘চাইল্ড-সেন্টার্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন ফর বেটার প্রিপেয়ার্ডনেস অব কমিউনিটিজ অ্যান্ড লোকাল ইনস্টিটিউশনস ইন নর্দার্ন অ্যান্ড কোস্টাল এরিয়াস অব বাংলাদেশ’ প্রকল্পের তিন বছর মেয়াদি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়, অর্জন পর্যালোচনা এবং ভবিষ্যৎ স্থায়িত্ব পরিকল্পনা বিষয়ক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। বক্তব্যে তিনি আবহাওয়া ও জলবায়ু বিষয়ে সচেতনতা তৈরিতে ‘মেট ক্লাব’ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “মেট ক্লাব একটি অত্যন্ত কার্যকর উদ্যোগ। আমাদের উচিত এ উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়া।” তিনি দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
অন্যদিকে, মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরে আলোচকরা জানান, সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় এবং প্রয়োজনীয় সমন্বয় কাঠামো বা কাউন্সিলের অনুপস্থিতি অনেক ক্ষেত্রে পরিকল্পনা বাস্তবায়ন ও উদ্যোগের ধারাবাহিকতা রক্ষায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সমন্বয় জোরদার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে দায়িত্ব ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ইপসার প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক আফ্রু মারমা; বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইকবাল সরোয়ার; সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার; বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রহমান খাঁন; ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপপরিচালক নজরুল ইসলাম; চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম এবং ইপসার পরিচালক (সামাজিক উন্নয়ন) নাছিম বানু। অনুষ্ঠানের শুরুতে প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন প্রজেক্ট ম্যানেজার সানজিদা আক্তার।
অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. মো. শাহাবুদ্দিন; বাঁশখালী উপজেলা কৃষি অফিসার শ্যামল সরকার; বাঁশখালীর সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন কামাল; চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাহজালাল মিশুক; হোসেন আহমেদ সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম আহসানুল হক, ফিরোজশাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম; পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ইমরান হাসান; বাঁশখালীর বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. মঈন উদ্দীন এবং চট্টগ্রাম মহানগরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. কামরুল হুসাইন।
কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক, শিক্ষক, শিশু ও তরুণ প্রতিনিধি, কৃষক, নারী উদ্যোক্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে প্রকল্পের তিন বছরের বাস্তবায়ন অভিজ্ঞতা, উল্লেখযোগ্য অর্জন, চ্যালেঞ্জ ও শিক্ষা তুলে ধরা হয়। পাশাপাশি প্রকল্পের আওতায় গড়ে ওঠা ও শক্তিশালী হওয়া বিভিন্ন কমিউনিটিভিত্তিক উদ্যোগ- যেমন মেট ক্লাব, কৃষকদের জন্য ফার্ম স্কুল, ইয়ুথ হাব, ইন্টারপ্রেটার পুল এবং স্বেচ্ছাসেবী নেটওয়ার্কের কার্যক্রম প্রকল্প-পরবর্তী সময়ে কীভাবে অব্যাহত রাখা যায়, সে বিষয়ে আলোচনা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা ছয়টি প্রতিনিধিত্বশীল দলে (বিভিন্ন সেক্টরের স্টেকহোল্ডার, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, স্বেচ্ছাসেবক ও ইন্টারপ্রেটার পুল, মেট ক্লাব ও শিশু প্রতিনিধি, উপকারভোগী ও কমিউনিটি গ্রুপ এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তা) বিভক্ত হয়ে আলোচনা করেন। দলীয় আলোচনায় স্থানীয় পর্যায়ে উদ্যোগগুলোর মালিকানা প্রতিষ্ঠা, স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ বজায় রাখা, কৃষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, শিশু ও তরুণদের নেতৃত্ব বিকাশ এবং নারী উদ্যোক্তাদের কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করার বিষয়ে সুপারিশ উঠে আসে।
আলোচনায় শিক্ষকদের নেতৃত্বে মেট ক্লাবের কার্যক্রম পরিচালনা, কৃষকদের অংশগ্রহণে ফার্ম স্কুলের জ্ঞান বিনিময় অব্যাহত রাখা, ইয়ুথ হাবের মাধ্যমে তরুণদের সম্পৃক্ততা বজায় রাখা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত ভূমিকা আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কর্মশালার শেষ পর্বে বিভিন্ন অংশীজনের দায়িত্ব ও করণীয় নির্ধারণ, স্থানীয় পর্যায়ে সমন্বয় জোরদার এবং প্রকল্প-পরবর্তী সময়ে উদ্যোগগুলোর স্থায়িত্ব নিশ্চিত করতে সম্ভাব্য অঙ্গীকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।