
দৈনিক সাঙ্গু লেখক ও পাঠক ফোরামের অভিষেক ও মতবিনিময় সভা গতকাল দৈনিক সাঙ্গুর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক লেখক আলমগীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সাঙ্গুর বিশেষ প্রতিনিধি ও ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সাঙ্গুর প্রশাসনিক কর্মকর্তা ও ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মিলন। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক সাঙ্গু লেখক ও পাঠক ফোরামের সদস্য সচিব মোহাম্মদ আলী।
সভায় সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ বলেন, “দৈনিক সাঙ্গু শুধু একটি সংবাদপত্র নয়, এটি সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। লেখক ও পাঠকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই ফোরাম পত্রিকার মান ও গ্রহণযোগ্যতা আরও বাড়াবে।”
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নুর উদ্দিন বলেন, “সাংবাদিকতা ও সাহিত্য চর্চার মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এই ফোরামের মূল লক্ষ্য। লেখক ও পাঠকদের সম্মিলিত প্রয়াসে দৈনিক সাঙ্গু আরও শক্তিশালী হবে।”
বিশেষ অতিথি মহিউদ্দিন মিলন বলেন, “এই ফোরাম লেখক, পাঠক ও সংবাদকর্মীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। এতে সৃজনশীল লেখা ও দায়িত্বশীল সাংবাদিকতা আরও গতিশীল হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম আহ্বায়ক লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন মনছুরী, লায়ন কামাল হোসেন, সদস্য সৈয়দ মিয়া হাসান, মনজুর আহমেদ, মাইনউদ্দিন, ফয়জুল আলম, অজয় চক্রবর্তী প্রমুখ। বক্তারা বলেন, দৈনিক সাঙ্গু লেখক ও পাঠক ফোরাম সাহিত্য, সংস্কৃতি ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে ফোরামের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
Leave a Reply