আলমগীর আলম,পটিয়া।
পটিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী সমাজসেবক নাজিম উদ্দিন সিআইপি।
তাঁর আর্থিক সহযোগিতায় নতুন করে সেমিপাকা ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা পরিবারটির জন্য নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে।
জানা যায়, পটিয়ার পূর্ব হাইদগাঁও গর্জনিয়া পাড়ার বাসিন্দা সেলিম উদ্দিনের বেড়ার ও টিনের চাউনি যুক্ত বসতঘরটি গত ২৬ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে যায়। পেশায় রাজমিস্ত্রী সেলিম উদ্দিন হঠাৎ এই বিপর্যয়ে পড়ে পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েন। নিজ সামর্থ্যে নতুন করে ঘর নির্মাণ করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে ওঠে।
এমন অবস্থায় ওমান প্রবাসী নাজিম উদ্দিন সিআইপি বিষয়টি জানতে পেরে দ্রুত এগিয়ে আসেন।
তিনি তাঁর মা-বাবার নামে প্রতিষ্ঠিত ‘এস এম জনকল্যাণ ফাউন্ডেশন’-এর অর্থায়নে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য একটি সেমিপাকা ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।
পরবর্তীতে তাঁর পরামর্শে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে দুইটি বেডরুম, একটি লম্বা বারান্দাসহ তিন কক্ষ বিশিষ্ট ঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। ইতোমধ্যে প্রায় পাঁচদিন আগে থেকে তাঁর অর্থায়নে ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এ উদ্যোগে এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা তৈরি হয়েছে। তারা মনে করছেন, মানবিক এ সহায়তা শুধু একটি পরিবারকেই আশ্রয় দিচ্ছে না, বরং সমাজে সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।