পটিয়া প্রতিনিধি
পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের ঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করেছে সামাজিক সংগঠন মানবতার বন্ধন।
৩১ অক্টোবর পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা রিকশাচালক অপু বিশ্বাসের হাতে ঘর মেরামতের জন্য ঢেউটিন তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, সম্প্রতি বন্যায় রিকশাচালক অপু বিশ্বাসের বসতঘরটি ভেঙে যায়। আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে তিনি ঘরটি মেরামত করতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে অসহায় পরিবারের পাশে দাঁড়ায় মানবতার বন্ধন। সংগঠনের পক্ষ থেকে ঢেউটিন সহায়তা পেয়ে ঘর মেরামতের নতুন আশার আলো দেখছেন অপু বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবদুল হাকিম রানা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী, মানবতার বন্ধন পটিয়ার সাধারণ সম্পাদক আলমগীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক সুফি মোহাম্মদ রেজা, নির্বাহী সদস্য ও ব্যাংকার মঞ্জুরুল আলম, আবদুল বারেক প্রমুখ।
এ সময় সাংবাদিক আবদুল হাকিম রানা বলেন, "মানবতার বন্ধন যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই অসাধারণ। সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত মহৎ কাজ। সামর্থ্যবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এভাবে মানুষের দুর্দিনে এগিয়ে এলে অসহায় পরিবারগুলো নতুন করে বাঁচার সাহস পাবে। মানবিক এই উদ্যোগ সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব আরও বাড়িয়ে তুলবে।"
মানবতার বন্ধনের নেতৃবৃন্দ বলেন, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের মূল লক্ষ্য। সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।