পটিয়া প্রতিনিধি।
পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চিকন কাজী বাড়ি, বাহুলীতে ‘বাহুলী নতুন কুঁড়ি ক্লাব’-এর আয়োজনে এ নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে অন্যতম আকর্ষণ ছিলেন বিশিষ্ট শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর।
এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা আহমদউল্লাহ কাদেরী, মাওলানা শরাফত, মাওলানা কলিম উল্লাহ, মাওলানা মজিবুর রহমান, মাওলানা মোহাম্মদ রবিউল করিম ও মাওলানা মোহাম্মদ রবিউল হোসেনসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-ওলামায়ে কেরাম ও তরুণ শায়েরবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আলহাজ্ব কাজী আবু মহসীন, গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া পৌরসভা সভাপতি আলহাজ্ব দিদারুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি কাজী আবদুল মোতালেব, কাজী নাজমুল হক, কাজী শাহাব উদ্দীন (সাবু), কে.এম ওসমান গণি (হারুন), কাজী শাহ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহুলী নতুন কুঁড়ি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কে.এম শফিউল ইসলাম (পেয়ারু)।
মাহফিলে আলেম-ওলামা ও শায়েরগণ পবিত্র কোরআন-হাদিসের আলোকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা তুলে ধরেন। পাশাপাশি নাতে রাসুল পরিবেশনের মাধ্যমে প্রিয় নবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা সম্ভব। নাতে মোস্তফার মাধ্যমে হৃদয়কে নূরের আলোয় আলোকিত করে নবীপ্রেমে জীবন গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।