আলমগীর আলম,পটিয়া।
বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে পটিয়ায় বর্ষবরণ ও বর্ষবিদায় উদযাপন পরিষদের সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহৎ বৈশাখী মেলা আয়োজনকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। মেলায় গ্রামীণ ঐতিহ্য, লোকসংস্কৃতি, হস্তশিল্প ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরা হবে।
গঠিত কমিটিতে তৌহিদুল আলমকে চেয়ারম্যান, মোঃ নাছির উদ্দীনকে সদস্য সচিব এবং মাস্টার শ্যামল দে-কে সমন্বয়ক করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন— আবদুল হাকিম রানা, আবদুর রাজ্জাক, দীপক শীল ও কাজী মোরশেদ।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ১০টি উপকমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে অর্থ, প্রচার, সাংস্কৃতিক, মঞ্চ ও সাজসজ্জা, শৃঙ্খলা, র্যালি ও আনন্দ শোভাযাত্রা, আপ্যায়ন, অভ্যর্থনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং স্টল ব্যবস্থাপনা উপকমিটি উল্লেখযোগ্য।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদস্য সচিব মোঃ নাছির উদ্দীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোজাম্মেল হক, মঈনুল আলম ছোটনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এ আয়োজনকে সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, এ বছরের বৈশাখী মেলা দক্ষিণ চট্টগ্রামে একটি প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী উৎসবে পরিণত হবে।