পটিয়া প্রতিনিধি
পটিয়ায় বসতঘরে চুরির ঘটনা ঘটেছে।
পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
চোর ঘরের খাটের নিচে লুকিয়ে ছিল বলে ধারণা করছেন ভুক্তভোগী।
তবে পরিবারের সদস্যদের অচেতন করার কোনো ঘটনা ঘটেছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সমুরা এলাকায় মো. হাসানুজ্জামান খানের (৪৫) নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তিনি পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী হাসানুজ্জামান খান বলেন, রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠে দেখি, ঘরের দরজা খোলা। পরে মোবাইল খুঁজতে গিয়ে বুঝতে পারি, ঘরে চুরি হয়েছে।
ধারণা করছি, চোর খাটের নিচে লুকিয়ে ছিল।
আমরা ঘুমিয়ে থাকার পরও কিছুই টের পাইনি। আমার মনে হয়, চোর আমাদের অচেতন করার জন্য কিছু একটা করেছে।
তিনি জানান, রাত দুইটার দিকে তাঁর জামাতা বিদেশ থেকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোন বন্ধ পান।
এ কারণে রাত সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে কোনো একসময় চুরির ঘটনা ঘটতে পারে বলে তাঁর ধারণা।
থানায় দেওয়া অভিযোগে চুরি হওয়া মালামালের মধ্যে দুটি স্মার্টফোন, একটি বাটন ফোন, আনুমানিক ৩০ আনা ওজনের একটি স্বর্ণের হার এবং নগদ ১ লাখ ৪ হাজার টাকার কথা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আরও কিছু মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী সংসদ সদস্য এনামুল হকের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি চুরির ঘটনা তদন্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, অভিযোগ পেয়েছি।
তদন্ত করা হচ্ছে, প্রয়োজনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।