পটিয়া প্রতিনিধি
তারেক রহমান ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এবং তা মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম এমপি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া কলেজগেটস্থ দলীয় কার্যালয় চত্বরে উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক এনাম এমপি বলেন, ‘গুপ্ত বাহিনী ও নিষিদ্ধ সংগঠন মিলে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’ তিনি বর্তমান সংকট প্রসঙ্গে বলেন, ‘বর্তমানে দেশে গ্যাস ও বিদ্যুতের যে সংকটের কথা প্রচার করা হচ্ছে, তা বিএনপি সরকারের তৈরি নয়; এটি দেশ থেকে লুটপাট করে পালিয়ে যাওয়া বিগত সরকারের সৃষ্টি।’
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীরা একযোগে কাজ করছেন।
পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এবং পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল ফয়েজ, এ কে এম জসিম উদ্দিন, মো. মঈনুল আলম ছোটন, সাইফুদ্দিন আহমেদ, হাজী কামাল উদ্দিন, মোজাম্মেল হক চৌধুরী ও হাজী আবুল বশর চৌধুরী।
এ ছাড়া সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম ও আবদুল মাবুদ; জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী; জেলা কৃষক দলের সদস্যসচিব মীর জাকের আহমেদ; জেলা জাসাসের সদস্যসচিব নাছির উদ্দিন; বিএনপি নেতা মোর্শেদুল শফি হিরু, আলহাজ ইসমাইল হোসেন ও জাহেদুল হক।
উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু; পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দিন সোহেল, সদস্যসচিব হাবিবুর রহমান রিপন; উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সাবেক সদস্যসচিব মোহাম্মদ জাহেদ; পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফুর রহমান, সাবেক সদস্যসচিব আবদুল কাদেরও উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান; পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্যসচিব আলমগীর আলম; শ্রমিক দলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী লিটন; উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সদস্যসচিব হাফেজ মাওলানা ইব্রাহিম, উপজেলা মহিলা দলের সভাপতি সাজেদা ইয়াসমিন রেখা, সাধারণ সম্পাদক হালিমা বেগম; পৌরসভা মহিলা দলের সভাপতি আয়শা আক্তার রিনা, সাধারণ সম্পাদক জয়নাব বেগম; জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেন।
সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি পটিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দ্রপোল চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে ‘অথর্ব’ বললেন খোরশেদ আলম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ক্ষোভ প্রকাশ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে ‘অথর্ব কমিটি’ বলে মন্তব্য করেছেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম।
তার বক্তব্যে খোরশেদ আলম বলেন, ‘দক্ষিণ জেলা বিএনপি একটি অথর্ব কমিটি। এদের কারণে পটিয়ায় দুই বছর ধরে বিএনপির কোনো কমিটি নেই। গত জাতীয় সংসদ নির্বাচনেও তাদের কোনো ভূমিকা ছিল না। পটিয়ার ১৭টি ইউনিয়নের নেতাকর্মীরা বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করেছেন।’
তিনি বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে আমরা তৃণমূলে রাজনীতি করছি। আমাদের অভিভাবক পটিয়ার এমপি এনামুল হক এনামের কাছে অনুরোধ করছি, অচিরেই যেন পটিয়ার কমিটি দিয়ে নেতাকর্মীদের মুক্ত করেন।’