আলমগীর আলম,পটিয়া।
পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পটিয়ায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে ২ আগস্ট রাতে স্টেশন রোড শাহী জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জামিরজুরি মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবদুল আলীম নুরী তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবন ও শিক্ষা অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি আরও বলেন, মহানবী (সা.) মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা, ন্যায়বিচার ও ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছেন। ব্যবসা-বাণিজ্যসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, আমানতদারি ও ন্যায়নীতি অনুসরণ করা একজন মুসলমানের দায়িত্ব। ব্যবসায়ীদের হালাল উপার্জন ও সততার সঙ্গে ব্যবসা পরিচালনার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ নুরুল আলম সওদাগর বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মহানবী (সা.)-এর আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় এ ধরনের ধর্মীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ব্যবসায়ী সমাজকে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে ন্যায় ও সততার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
মাহফিলে মহানবী (সা.)-এর ওপর দরুদ ও সালাত-সালাম পাঠ করা হয়। পরে দেশ, জাতি, ব্যবসায়ী সমাজ, মুসলিম উম্মাহ এবং বিশ্ব মানবতার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল আলীম, স্টেশন রোড শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল আজিজ, মাওলানা মেহরাজ রেজা কাদেরী,মানবতার বন্ধন পটিয়ার সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর আলমসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।
মাহফিল শেষে উপস্থিত ব্যবসায়ী ও মুসল্লিদের মধ্যে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।