পটিয়া প্রতিনিধি
পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতী (রহ.)-এর ১৫তম বার্ষিক ওরশ শরিফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছালেহ আহম্মদ চৌধুরী বাড়ির প্রাঙ্গণে হযরত খাজা মইনুদ্দিন ইসমাইল হোসেনিয়া চিশতিয়া আজমিরী শরিফ খেদমত পরিষদ বাংলাদেশের উদ্যোগে এ প্রস্তুতি সভা ও মাহফিলের আয়োজন করা হয়।
আগামী ৬ রজব পবিত্র ওরশ শরিফ উপলক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন চিশতী। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় ব্যক্তিত্ব, আশেক-ভক্ত ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তারা বলেন, হযরত খাজা মইনুদ্দিন চিশতী (রহ.) ছিলেন মানবপ্রেম, সাম্য, সম্প্রীতি ও আধ্যাত্মিক সাধনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর জীবনাদর্শ থেকে মানুষকে ভালোবাসা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার শিক্ষা পাওয়া যায়।
বক্তারা আরও বলেন, ওরশ শরিফ শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মশুদ্ধি, মানবকল্যাণ এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি উপলক্ষ। হযরত খাজা মইনুদ্দিন চিশতী (রহ.)-এর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের ধর্মীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভায় আগামী ৬ রজবের ১৫তম বার্ষিক ওরশ শরিফ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও আয়োজন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ওরশের অনুষ্ঠান সফল করতে আশেক-ভক্ত ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করা হয়।