আলমগীর আলম, পটিয়া।
যে আঙিনায় কর্মজীবন শুরু করেছিলেন, ৩৩ বছর পর সেই প্রিয় প্রাঙ্গণ থেকেই শিক্ষকতা পেশার ইতি টানলেন পটিয়া উপজেলার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রমা ভট্টাচার্য। বৃহস্পতিবার বিদ্যালয়ের মিলনায়তনে তার অবসর উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এই শিক্ষিকার বিদায় বেলায় ভালোবাসা ও শ্রদ্ধায় অশ্রুসিক্ত হয়ে ওঠেন সহকর্মী ও শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য শাহ ইলিয়াছ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস এবং চক্রশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল
বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রমা ভট্টাচার্য। তার স্মৃতিচারণা শুনে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরাও চোখের জল ধরে রাখতে পারেননি। বিদ্যালয় সূত্রে জানা যায়, এমএ ও বিএড ডিগ্রিধারী রমা ভট্টাচার্য ১৯৯৪ সালের ১ জানুয়ারি এই বিদ্যালয়ে যোগ দেন।
এরপর ৩৩ বছর একই প্রতিষ্ঠানে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করেছেন তিনি।
ব্যক্তিগত জীবনেও তিনি একজন সফল জননী। তার স্বামী ঝুলন চক্রবর্তী একজন ব্যবসায়ী ও ফার্মাসিস্ট। তাদের ছেলে অম্লান চক্রবর্তী আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। মেয়ে কল্পিতা চক্রবর্তী ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে অধ্যয়নরত।
জ্যেষ্ঠ শিক্ষক জান্নাতুল ফেরদৌস স্মৃতিচারণা করে বলেন, 'তার ৩৩ বছরের কর্মজীবনের মধ্যে ২৯ বছরই আমি সহকর্মী হিসেবে পেয়েছি। কখনো আমাদের মধ্যে কোনো মনোমালিন্য হয়নি।
প্রিয় সহকর্মীর এই বিদায় আমাদের জন্য অত্যন্ত বেদনার।
পরে শিক্ষকের হাতে উপহার তুলে দেন অতিথিবৃন্দ।