নিজস্ব প্রতিবেদক : বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় বানভাসী মানুষের মাঝে আলহাজ্ব সফিয়া মমতাজুল হক বাশার ট্রাস্ট ও বাশার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু সাহেবের পক্ষ থেকে ত্রান সামগ্রী প্রদান। দুর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব আবুল বশর আবু। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্বেচ্ছাসেবীরা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্দশা লাঘবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী, দুর্নীতি দমন কমিশন (দুদক) নিযুক্ত বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দীন চৌধুরী, শিক্ষাবিদ মাওলানা দিদারুল আলম, হাফেজ মাওলানা আব্দুল কাদের রিয়াদি, ইসলামী চিন্তক ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী, আবদুল্লাহ জায়েদ তানভীর প্রমুখ।
অধ্যাপক ড. মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী বলেন, সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। মোহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও এগিয়ে আসা উচিত। সবাই সম্মিলিতভাবে কাজ করলে দুর্গত মানুষের দুর্ভোগ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। মাওলানা এম সোলাইমান কাসেমী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস দুর্গত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সকলের প্রতি আহ্বান জানাই, নিজ নিজ অবস্থান থেকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ান। মহান আল্লাহ তাআলা যেন সকল দুর্গত মানুষকে দ্রুত এই সংকট থেকে মুক্তি দান করেন এবং মানবসেবায় নিয়োজিত সবাইকে উত্তম প্রতিদান দান করেন।
এছাড়াও আলহাজ্ব আবুল বশর আবু সাতকানিয়া,পটিয়া, লোহাগাড়া, চকরিয়া ও পেকুয়াসহ বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ৯ দিনে ১০ হাজারের উপরে বানভাসী মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।