বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের জন্য ভ্রমণ আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরব। দেশটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের আওতায় ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা চালু করেছে, যার মাধ্যমে রিটার্ন বিমান টিকিট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসা- সবকিছুই একসঙ্গে বুক করা যাবে।ফলে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজের প্রতিবেদনে তথ্যটি জানানো হয়।প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব প্রাথমিকভাবে এই নতুন ভিসা প্যাকেজ কর্মসূচির জন্য সাতটি দেশকে নির্বাচন করেছে। এসব দেশের নাগরিকরা একটি সমন্বিত ভ্রমণ বুকিংয়ের অংশ হিসেবে ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা পাবেন।
প্রাথমিক পর্যায়ে এ সুবিধা পাচ্ছেন মিশর, জর্ডান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং মেক্সিকোর নাগরিকরা। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে আরও বিভিন্ন দেশের জন্যও এই সেবা চালু করা হবে।নতুন কর্মসূচির আওতায় একটি বুকিংয়ের মাধ্যমেই ভ্রমণকারীরা পুরো সফরের ব্যবস্থা সম্পন্ন করতে পারবেন। এতে রিটার্ন ফ্লাইট, অনুমোদিত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা অন্তর্ভুক্ত থাকবে। ফলে আলাদাভাবে ভিসার আবেদন জমা দেওয়া বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।