আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে একটি প্রীতি ফুটবল ম্যাচ। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়ন ফুটবল একাডেমি এবং বাঘাইছড়ি ফুটবল একাডেমি। খেলাটি উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো স্টেডিয়ামকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি), অধিনায়ক, মারিশ্যা জোন, ২৭ বিজিবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিওএম. শাহিনুর রহমান, উপ-অধিনায়ক, মারিশ্যা জোন, ২৭ বিজিবি এবং বিজিবি এমএস মোঃ হাফিজুর রহমান, সহকারী পরিচালক (কোয়ার্টার মাস্টার), মারিশ্যা জোন, ২৭ বিজিবি।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, রাঙ্গামাটি জেলা কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশিকুর রহমান মানিক। পুরো আয়োজনটি পরিচালনা করে বাঘাইছড়ি ফুটবল একাডেমি।
খেলা শুরুর আগে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, শৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ ম্যাচে মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়ন ফুটবল একাডেমি বিজয়ী হয়।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।