‘Early Action on Diabetes’ প্রতিপাদ্যে ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও সময়োপযোগী চিকিৎসার গুরুত্ব তুলে ধরলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো কার্যকর চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১টায় পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ, স্বাস্থ্যকর জীবনযাপন এবং রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের বিষয়ে জনসচেতনতা তৈরির বার্তা তুলে ধরা হয়।
পরবর্তীতে দুপুর ১টা ৩০ মিনিটে পার্কভিউ হসপিটাল লিমিটেডের ১২ তলা কনফারেন্স হলে “Scientific Seminar on World Diabetes Day 2026: Early Action on Diabetes” শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞ চিকিৎসক, মেডিসিন, এন্ডোক্রাইনোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি এবং গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন (Keynote Speaker) পার্কভিউ হসপিটাল লিমিটেডের এন্ডোক্রাইনোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মোঃ আশরাফুল হোসাইন। তিনি ডায়াবেটিসের প্রাথমিক শনাক্তকরণ, রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ডায়াবেটিসের ঝুঁকি কমাতে প্রাথমিক পর্যায় থেকেই সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সেমিনারে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরী।
সেমিনারের প্যানেল অব এক্সপার্টস হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ রফিক উদ্দিন; মেডিসিন বিভাগের অধ্যাপক প্রফেসর ডা. এ. এস. এম. জাহেদ; পার্কভিউ হসপিটাল লিমিটেডের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মোহাম্মদ জসিম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অবস্টেট্রিকস ও গাইনোকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাফিকুর নাহার মোনা।
বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা হলেও সঠিক সময়ে শনাক্তকরণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ ক্ষেত্রে ব্যক্তি, পরিবার, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সহকারী অধ্যাপক ডা. মোঃ রফিক উদ্দিন বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতন জীবনযাপনের কোনো বিকল্প নেই। সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসজনিত জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিকিৎসক ও রোগীদের সম্মিলিত সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের বৈজ্ঞানিক সেমিনারের গুরুত্ব তুলে ধরেন।
পার্কভিউ হসপিটাল লিমিটেড কর্তৃপক্ষ জানায়, বিশ্ব ডায়াবেটিস দিবসের তাৎপর্য তুলে ধরা, চিকিৎসকদের মধ্যে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সচেতনতা তৈরিতে এ ধরনের বৈজ্ঞানিক আয়োজন অব্যাহত থাকবে।
কর্মসূচির সার্বিক পরিকল্পনা, সমন্বয়, ব্যবস্থাপনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম এবং তাঁর নেতৃত্বাধীন মার্কেটিং টিম। তাঁদের সুপরিকল্পিত উদ্যোগ, পেশাদারিত্ব, আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টায় দিনব্যাপী কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজনের মাধ্যমে চিকিৎসকদের মধ্যে পেশাগত যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং হাসপাতালের চিকিৎসাসেবামূলক উদ্যোগকে আরও এগিয়ে নিতে মার্কেটিং টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
উল্লেখ্য, পার্কভিউ হসপিটাল লিমিটেড ISO 15189 অ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্ত চট্টগ্রামের প্রথম ল্যাব-সুবিধাসম্পন্ন হাসপাতাল। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক এবং সমন্বিত স্বাস্থ্যসেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি মানসম্মত চিকিৎসাসেবা প্রদানে কাজ করে যাচ্ছে।