বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিমের (৮৩) দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১১ অক্টোবর) জানাজা শেষে বোয়ালখালীতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে শনিবার (১০ অক্টোবর) রাত ১০টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পশ্চিম সারোয়াতলী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া আনোয়ারুল আজিম স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার সকাল ১১টায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বোয়ালখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। পরে বাইতুন নূর জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।