বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘর থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এসআরবি-০৭-এর সিপিসি-৩। এ ঘটনায় তসলিম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার তসলিম ওই গ্রামের আব্দুর রহমান ঘোষের বাড়ির জাফর আহমদের ছেলে।
এসআরবি-০৭-এর সিপিসি-৩ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকার একটি শোরুমের সামনে থেকে তসলিমকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালখালীতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতঘরের পাশে থাকা গোয়ালঘর থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে তসলিমকে উদ্ধার করা ইয়াবাসহ বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়।
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা বলেন, ৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ তসলিমকে থানায় হস্তান্তর করেছে এসআরবি-০৭-এর সিপিসি-৩।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।