বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে স্যার আশুতোষ সরকারি কলেজের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের রসায়ন বিভাগের প্রভাষক সাবরিনা ইয়াছমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একই বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবুল হাসনাত মো. মহসিন ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর বিশ্বাস।
এতে আরও বক্তব্য দেন স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি কামাল হাসান রকি। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।