বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে দিনের বেলায় একটি ভাড়া বাসায় ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মীরপাড়া এলাকার জাফর টাওয়ারের চতুর্থ তলায় কাঁচামাল ব্যবসায়ী মনছুর আলমের বাসায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্য শাহাজিয়ার মাহফুজের ভাষ্য, বাসা থেকে তিন আনা ওজনের স্বর্ণালংকার ও নগদ ৫৭ হাজার টাকা চুরি হয়েছে।
তিনি বলেন, বুধবার বেলা ১২টার দিকে তাঁর মা বড় বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যান। তাঁর বাবা ব্যবসার কাজে বাইরে ছিলেন। দুপুর ১টার দিকে বাসায় ফিরে তাঁরা দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো দেখতে পান। পরে বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন তাঁরা।
মাহফুজ বলেন, মাত্র এক ঘণ্টার ব্যবধানে চোরের দল বাসায় ঢুকে এসব মালামাল নিয়ে গেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।