বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে ডুবে দিলীপ সর্দার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দিলীপ সর্দার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামের মৃত নিকুঞ্জ সর্দারের ছেলে।
পরিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি একা ঘর থেকে বের হন। পরে দুপুর ২টার দিকে স্থানীয়রা একটি পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে শিক্ষক রুপন সর্দার বলেন, তার বাবা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে অসুস্থ ছিলেন। মাঝে মধ্যে একা ঘর থেকে বের হয়ে যেতেন। ঘটনার দিনও তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পুশন বলেন, দুপুর আড়াইটার দিকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে দিলীপ সর্দারকে মৃত ঘোষণা করা হয়।
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজম খান বলেন, প্রাথমিকভাবে এটি একটি অপমৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।