বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান ‘বটবাহিনী’র কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, বিদেশি চক্রের পরিচালিত দল ভালো সিদ্ধান্ত নিতে পারে না। তারা বাংলাদেশকে ধ্বংসের সিদ্ধান্ত নেবে, দেশ গড়ার সিদ্ধান্ত কোনোদিন নেবে না।
তিনি আরও বলেন, তারেক রহমান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সর্বস্তরের মানুষকে নিয়ে সম্প্রীতি বাড়িয়ে সুন্দর সমাজ গড়তে চান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, নুরুল করিম নুরু, আবুল হাশেম ও জাগের হোসেন।
পরে নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।