বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে মোটরসাইকেল আরোহী তুহিন (১৮) গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কক্সবাজার রেললাইন বেঙ্গুরা সড়কের বেঙ্গুরা মাদ্রাসা এলাকায় টেগার দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, পূর্ব গোমদণ্ডীর কপিল উদ্দিনের ছেলে তুহিন (১৮) ও মৃত নোয়া মিয়ার ছেলে কামাল উদ্দীন (৪৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে বেঙ্গুরা থেকে আসছিল। অন্যদিকে সিএনজি অটোরিকশাটি গোমদণ্ডী থেকে বেঙ্গুরার দিকে যাচ্ছিল। এ সময় টেগার দোকান এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিলেন। সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। অপর আরোহী সুস্থ রয়েছেন। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং সিএনজি অটোরিকশার সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুহিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ইমু বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। কামালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তুহিন নাক, মুখ ও মাথায় আঘাত পেয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।’