বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
শিক্ষকরা জাতি গঠনের কারিগর বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বোয়ালখালীর স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন।
সোমবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতার শিক্ষাও দেন। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি প্রত্যাশা করেন।
কলেজ ছাত্রদলের সভাপতি কামাল হাসান রকির সঞ্চালনায় অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক তাহিরা রহমান, প্রবীর বিশ্বাস, সহকারী অধ্যাপক শেখর বড়ুয়া, মাকসুদা ইয়াসমিন, প্রভাষক শরিফুল ইসলাম, সাবরিনা ইয়াসমিন, লাবিবুর রহমান, মোহাম্মদ ফরিদ আহমেদ, রানা দাশসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।