পটিয়া প্রতিনিধি
পটিয়ায় মেয়াদোত্তীর্ণ বেবি ডায়াপারের মেয়াদ মুছে নতুন মেয়াদ বসিয়ে বাজারজাত করার অভিযোগে হাক্কানিয়া পেপার মিল নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একই অভিযানে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং পণ্যের মেয়াদ যথাযথভাবে উল্লেখ না করায় আরও দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে পটিয়া উপজেলার পাচুরিয়া ও হালিম খাঁর চর এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় এবং পটিয়া থানা পুলিশের সমন্বয়ে নিয়মিত বাজার তদারকি অভিযানে এসব জরিমানা করা হয়।
অভিযানে পাচুরিয়া হালিম খাঁর চর এলাকায় অবস্থিত হাক্কানিয়া পেপার অ্যান্ড পাল্প মিলে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি আমদানি করা বেবি ডায়াপারের মেয়াদ ফেব্রুয়ারি ২০২৬ সালে শেষ হওয়ার পর কৌশলে পুরোনো মেয়াদ মুছে ফেব্রুয়ারি ২০২৭ ও ডিসেম্বর ২০২৮ সালের নতুন মেয়াদ বসিয়ে বাজারজাত করে আসছিল বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে প্রতিষ্ঠানটির মজুত থেকে মেয়াদোত্তীর্ণ প্রায় ২০ হাজার পিস বেবি ডায়াপার জব্দ করে ধ্বংস করা হয়।
এসব ডায়াপারের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ টাকা।
এছাড়াও হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাচুরিয়া মোড় এলাকার খাজা হোটেলে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও প্রস্তুত করার অপরাধে ৫ হাজার টাকা এবং একই এলাকার ক্যাফে ফুলবন নামের একটি হোটেলে উৎপাদিত পণ্যের মেয়াদ যথাযথভাবে উল্লেখ না করা এবং অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।
অভিযানে বিষয়ে ভোক্তা অধিকার চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা স্বার্থ সংরক্ষণে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।