শান্তি, নিরাপত্তা ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ, সামাজিক দায়বদ্ধতা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির আহ্বানের মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশন (AHDF)-এর উদ্যোগে ‘শান্তি, নিরাপত্তা ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক এ নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী।
সভায় আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশন এর ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বেগম রোকেয়া রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশবিদ প্রফেসর হাসিনা যাকারিয়া বেলা। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।
আলোচনা সভায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবিক মূল্যবোধের বিকাশ, সামাজিক সম্প্রীতি রক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং নাগরিক দায়িত্ববোধ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় ব্যক্তি, পরিবার, সামাজিক সংগঠন, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাষ্ট্রের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা মনে করেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, ন্যায়বিচার, আইনের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চা জোরদার করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
এই সময় আরো বক্তব্য রাখেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট মোঃ আবুল হাশেম, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর এর প্রধান উপদেষ্টা রোটারিয়ান এস এম আজিজ,গ্রীন এলায়েন্স এর আহবায়ক সারোয়ার আমিন বাবু- মাই টিভি চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান নুরুল কবির, কিউসি মিটিং লিমিটেড এর সিনিয়র আইটি ম্যানেজার সাজ্জাদ ইকবাল, কবি ও লেখক নেছার আহমেদ খান,আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশন এর অর্থ সম্পাদক উৎপল কুমার মিঠুন, পরিচালক সামসুন নাহার সামু, গ্রীন লিফ ম্যাগাজিন এর সম্পাদক তসলিম হাসান হৃদয়।
সভায় মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠন, নাগরিক সচেতনতা বৃদ্ধি, মানবাধিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের এ উদ্যোগের উদ্দেশ্য হলো সামাজিক বাস্তবতায় শান্তি, নিরাপত্তা ও মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা এবং নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে কার্যকর করণীয় নির্ধারণে ভূমিকা রাখা।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের নাগরিক সংলাপ সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করা, পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নাগরিকদের অংশগ্রহণ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এই সময় চট্টগ্রামের ২০ টি সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।