নোয়াখালীর কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ স্টারের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও মানবিক ব্যক্তিত্ব হাজী রফিকুল ইসলামের পৃষ্ঠপোষকতায় বসুরহাট কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতাল অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
০৩ অক্টোবর (শনিবার) দিনব্যাপী আয়োজনে মোট ২২৪ জন রোগীকে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এ ছাড়া চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৩৬ জন রোগীকে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। বাছাইকৃত রোগীদের চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউটে বিনামূল্যে ছানি অপারেশন, লেন্স প্রতিস্থাপন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হবে।
চক্ষু শিবির উপলক্ষে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ এর পরিচালক, রিজিওন চেয়ারপারসন লায়ন সাইফুল্লাহ মনসুর, উদ্বোধক ছিলেন পৃষ্ঠপোষক সুমাইয়া নাবিদ ট্রাভেলসের স্বত্বাধিকারী হাজী রফিকুল ইসলাম। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালের এমডি মিজানুর রহমান, মোকাররম হোসেন, মোহাম্মদ উল্লাহ, আব্দুর রহিম আজাদ, প্রাইভেট হাসপাতাল সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, সাইফুন হাসিব মাসুদ। সম্মানিত অতিথি ছিলেন গভর্নর অ্যাডভাইজার লায়ন বাসুদেব সাহা, ক্লাব ডিরেক্টর লায়ন মো. জহিরুল ইসলাম, সেক্রেটারি লায়ন মো. শাহাদাত হোসেন হেলাল এবং ট্রেজারার লায়ন মোহাম্মদ ফাইয়াজ আহমেদ চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. সৌমেন তালুকদার, ডা. মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন, চিফ কো-অর্ডিনেটর রেজাউল করিম সিকদার (অপথালমিক প্যারামেডিক), নুরুল আফসার (মেডিকেল সহকারী) ও মো. মিজান (মেডিকেল সহকারী)।
আয়োজকরা জানান, দৃষ্টিশক্তির সমস্যা ও চক্ষুরোগে আক্রান্ত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। মানবিক সেবার মাধ্যমে মানুষের দৃষ্টিশক্তি রক্ষা এবং সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে সহযোগিতা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।