আমিনুল হক রিপন, চট্টগ্রাম
শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে আজ চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
জাতীয় নাগরিক পার্টির মহানগর যুগ্ম সমন্বয়কারী জসিম উদ্দিন ওপেল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফতে মজলিসের সিনিয়র সহ-সভাপতি মফিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মফিদুল ইসলাম বলেন, "২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে যে বর্বরোচিত গণহত্যা চালানো হয়েছিল, তার বিচার নিশ্চিত করা সময়ের দাবি। প্রতিটি ফোঁটা রক্তের হিসাব গ্রহণ না করা পর্যন্ত এ দেশের মানুষ শান্ত হবে না।"
সভাপতির বক্তব্যে জসিম উদ্দিন ওপেল বলেন, "জাতীয় নাগরিক পার্টি ন্যায়ের পক্ষে আপসহীন। আমরা অনতিবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই গণহত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিন, মহানগর সদস্য ইঞ্জিনিয়ার সাহেদ ইকবাল চৌধুরী, আশিক চৌধুরী,মোহাম্মদ সোহরাব চৌধুরী ও মোহাম্মদ আজাদ।
এছাড়াও সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন যুবশক্তির মহানগর সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাইদ, ছাত্রশক্তি ও নারীশক্তির চট্টগ্রাম মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে শাপলা চত্বরের ঘটনার সঠিক তদন্ত রিপোর্ট প্রকাশ এবং দোষীদের আইনি প্রক্রিয়ায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানটি আসর নামাজের পর শুরু হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।