মুহাম্মদ বোরহান উদ্দিন,
চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়নে নানা দিকনির্দেশনা
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শিক্ষকবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন মাদরাসার চেয়ারম্যান মোহাম্মদ মনজুর আলম (মনজু)।
তিনি বলেন, “আমরা সবাই মিলে এক পরিবার। আমাদের রণক্ষেত্রের সৈনিক আপনারা। সংখ্যাধিক্য নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধির দিকে মনোযোগ দিন।”
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ হাফেজ কাযী মুহাম্মদ আবদুল আলীম রিজভীর পরিচালনায় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি এস.এম. গিয়াস উদ্দীন (শাকের), অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মাহমুদ নেওয়াজ ও ক্যাবিনেট মেম্বার মোহাম্মদ হোসাইন খোকন।
এছাড়া উপাধ্যক্ষ ড. এটিএম লিয়াকত আলীসহ জামেয়ার শতাধিক শিক্ষক সভায় অংশগ্রহণ করেন এবং তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন।
সভায় শিক্ষার সার্বিক পরিবেশ ও প্রাতিষ্ঠানিক মানোন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন চেয়ারম্যান মোহাম্মদ মনজুর আলম।
তিনি নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন, শিক্ষক সংকট নিরসন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং বোর্ড পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সিলসিলাহর মিশন বাস্তবায়ন, বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন এবং প্রতিষ্ঠানের চেইন অব কমান্ড যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “শিক্ষকগণ হলেন মানুষ তৈরির কারিগর। আপনাদের কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা প্রদান করা হবে, তবে এর মানসম্মত ফলাফলও আমরা দেখতে চাই।” তিনি আরও বলেন, অধ্যক্ষ মহোদয় শিক্ষকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে তাঁদের সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেবেন। যেকোনো সমস্যা সমাধানে গভর্নিং বডি ও আনজুমান সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বাস দেন।
সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের বিকাশ এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
পরিশেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ হাফেজ কাজী মুহাম্মদ আবদুল আলীম রিজভী।