শ্রাবণের বন্দনা
- লায়ন উজ্জল কান্তি বড়ুয়া
আকাশজুড়ে কালো মেঘের নিঃশব্দ আগমন,
শ্রাবণ এলে প্রকৃতি যেন পায় নবজীবন।
টুপটাপ বৃষ্টির ছোঁয়ায় ধুলোমাখা ধরার বুকে,
সবুজ স্বপ্ন জেগে ওঠে আনন্দেরই সুখে।
কদমফুলের শুভ্র হাসি, কৃষ্ণচূড়ার স্মৃতি,
ভেজা মাটির সোঁদা গন্ধে জাগে প্রাণের প্রীতি।
নদীর বুকে ঢেউয়ের নাচন, বাঁশবনে সুর তোলে,
বৃষ্টিভেজা প্রতিটি ক্ষণ কবিতারই ছন্দে দোলে।
কৃষকের চোখে আশার দীপ, মাঠে সোনার বীজ,
মেঘের দানে ভরে ওঠে জীবনেরই ভাঁজ।
শস্যভরা আগামী দিনের স্বপ্ন আঁকে মন,
শ্রাবণ যেন আশীর্বাদের অনন্ত অনুক্ষণ।
আসুক তবে সহমর্মিতার অমলিন অর্ঘ্যদান,
মানুষের পাশে দাঁড়াক মানুষ— এ হোক শ্রাবণের গান।
প্রেম, মমতা, শান্তির সুরে ভরে উঠুক প্রাণ,
শ্রাবণ হোক মানবতার চিরসবুজ অভিযান।
এসো তবে শ্রাবণ মাসে হৃদয় করি স্নিগ্ধ,
হিংসা-বিদ্বেষ ধুয়ে ফেলি ভালোবাসায় নিঃসন্দিগ্ধ।
বর্ষার জলে ধুয়ে যাক সব অন্ধকারের ক্ষয়,
শ্রাবণ হোক শান্তি, প্রেম আর মানবতার জয়।
কবি পরিচিতি:
কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক