বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরের ইসকন মন্দির প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে বিকেল ৩টায় একটি বিশাল রথযাত্রা শোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ইসকন সিলেট আয়োজিত এ মহোৎসবে উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, ভক্ত-অনুরাগী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাই কমিশন, সিলেটের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস। তিনি বলেন, “রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা বহন করে। সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ঐতিহ্যই আমাদের শক্তি। সকল ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে—এটাই আমাদের প্রত্যাশা। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। পরে সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস রিকাবীবাজারে মণিপুরি সম্প্রদায়ের আয়োজিত রথযাত্রা উৎসবও পরিদর্শন করেন।
বক্তারা বলেন, রথযাত্রা ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি শান্তি, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের চেতনাকে আরও সুদৃঢ় করে এবং সমাজে সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।