মোঃ আবদুল আলী - চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামী স্কলার ও লেখক মুফতি আলী হাসান ওসামা।
গতকাল (সোমবার) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত রিয়াজ উদ্দিন বাজার তামাকমুন্ডি লেইন দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মিলাদুন্নবী ও সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়নের সভাপতি মুহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন ড. বি এম মফিজুর রহমান আল-আযহারী। বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী জননেতা মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আসাদ উল্লাহ আদিল,
সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, জামায়াতে ইসলামী কোতোয়ালী থানা সেক্রেটারী মোস্তাক আহমদ ও পরিচালনার দায়িত্ব পালন করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল হামিদ, আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন নেতৃবৃন্দ যথাক্রমে মোস্তাক আহমদ, শহিদুল ইসলাম, মাঈন উদ্দিন সোহেল, মুহাম্মদ ইউছুফ, মুহাম্মদ ইউনুস, মাহমুদুল হক, এহসানুল হক, রবিউল হোসেন, মুহাম্মদ ইকবাল প্রমুখ।
মুফতি আলী হাসান ওসামা বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ মানবজাতির জন্য সর্বোত্তম অনুসরণীয় আদর্শ। তাঁর শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে অন্যায়-অবিচার দূর করে শান্তি, সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব। তাই রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে।
প্রধান অতিথি মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মহানবী (সা.)-এর সীরাত কেবল পাঠ বা আলোচনার বিষয় নয়; বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ অনুসরণের দিকনির্দেশনা। তাঁর চরিত্র, নৈতিকতা, আল্লাহর প্রতি আনুগত্য ও মানুষের প্রতি দায়িত্বশীলতার শিক্ষা নিজেদের জীবনে ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) মানুষের অধিকার প্রতিষ্ঠা, শ্রমের মর্যাদা রক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সবাইকে সচেষ্ট হতে হবে। বিশেষ করে শ্রমজীবী মানুষের মধ্যে ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দিতে এ ধরনের মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাসুল (সা.) এর দেখানো পথে মেহনতি মানুষের মুক্তির জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ইসলামী শ্রমনীতি সর্বস্তরে বাস্তবায়নের মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনে কল্যাণ আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি শ্রমজীবী মানুষদের এই মহান আন্দোলনের পতাকাতলে সমবেত হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।