মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় স্বামীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় মীম আক্তার (২২) নামে এক গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ অক্টোবর) রাতে তাঁর মৃত্যু হয়।
নিহত মীম আক্তার চাঁদপুরের কচুয়া উপজেলার খোকন মিয়ার মেয়ে এবং ৩ বছর বয়সী এক কন্যা সন্তানের জননী। অভিযুক্ত স্বামী মেহেদী হাসান চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, চার মাস আগে মেহেদী হাসানের সঙ্গে মীমের বিয়ে হয়। বিয়ের পর তাঁরা ডবলমুরিং থানার নাজিরপুল এলাকার আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকতেন। দাম্পত্য জীবনের শুরু থেকেই মেহেদীর পরকীয়া সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
গত শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মেহেদী হাসান ক্ষিপ্ত হয়ে মীমের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ ওঠে। মীমের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন মীম।
ডবলমুরিং থানা পুলিশ জানায়, এই নৃশংস ঘটনার পর রোববার (১ নভেম্বর) সকালে নিহত মীমের বাবা খোকন মিয়া বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।