এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন দেশের বিভিন্ন স্থানে হাম টিকার ঘাটতির প্রেক্ষাপটে শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ, শোক ও ক্ষোভ প্রকাশ করছে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, টিকাদান কর্মসূচি একটি দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। সেখানে টিকার ঘাটতি, সরবরাহ ব্যবস্থায় দুর্বলতা বা পরিকল্পনার ত্রুটি থাকলে তা সরাসরি শিশুদের জীবন ও নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রাপ্ত তথ্য ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী টিকা সরবরাহ, সংরক্ষণ (cold chain) এবং মাঠপর্যায়ের বাস্তবায়নে সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। এসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।
ফাউন্ডেশন মনে করে, তৎকালীন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—বিশেষ করে নীতিনির্ধারণী পর্যায়ে সাবেক স্বাস্থ্য উপদেষ্টার ভূমিকা—স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পর্যালোচনা করা জরুরি, যাতে প্রকৃত কারণ উদঘাটন করা যায় এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হয়।
(১ লা এপ্রিল ২০২৬) বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এডব্লিউসিআরএফ এর মহাসচিব মোহাম্মদ আলী বলেন -
"হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং অগ্রহণযোগ্য। এটি প্রতিরোধযোগ্য রোগের কারণে ঘটে যাওয়া অপ্রয়োজনীয় মৃত্যু। আমরা কোনো ব্যক্তিকে পূর্বেই দোষারোপ করতে চাই না; বরং একটি তথ্যনির্ভর ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায় নির্ধারণ দেখতে চাই। জনস্বাস্থ্য ও শিশু সুরক্ষায় কোনো ধরনের অবহেলা ভবিষ্যতে আরও বড় সংকট সৃষ্টি করতে পারে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি—ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করা হোক এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।"
বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে দাবিসমূহ:
১.একটি উচ্চ পর্যায়ের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।
২. টিকা সরবরাহ, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার পূর্ণাঙ্গ অডিট করতে হবে।
৩.তদন্ত রিপোর্ট দ্রুত জনসম্মুখে প্রকাশ করতে হবে
৪.কোনো ধরনের অবহেলা বা দায়িত্বহীনতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে
৫.ভবিষ্যতে নিরাপদ টিকাদান নিশ্চিত করতে কার্যকর মনিটরিং ও জবাবদিহিতা ব্যবস্থা গড়ে তুলতে হবে
উল্লেখ্য যে,এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন স্পষ্টভাবে জানায়, শিশুদের জীবন, নিরাপত্তা ও সুস্থতার প্রশ্নে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।