বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিষু কুমার বড়ুয়াকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর অবসর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেউ হাতে ফুল নিয়ে, কেউ সম্মাননা স্মারক দিয়ে তাঁকে বিদায় জানান। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বই উঁচিয়ে তাঁকে গার্ড অব অনার দেয়।
বিষু কুমার বড়ুয়া বিদ্যালয়টিতে ৩৯ বছর ৪ মাস ১৫ দিন শিক্ষকতা করেছেন। কর্মজীবনে তিনি প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি শওকত আলম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন।
বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে বিষু কুমার বড়ুয়া নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতি তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ের অনুভূতি জানিয়ে বিষু কুমার বড়ুয়া বলেন, দীর্ঘ ৩৯ বছর ৪ মাস ১৫ দিনের শিক্ষকতা জীবন শেষে অবসরে গেলাম। জীবনের বাকি সময় লেখালেখি ও ভ্রমণে আত্মনিয়োগ করতে চাই।