
আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
চট্টগ্রামে আয়োজিত মহানগর জাসাসের দোয়া ও ইফতার মাহফিলে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনব লেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী চেতনাকে শক্তিশালী করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নগরীর জেলা পরিষদ ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মীর হেলাল বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তির প্রকৃত ঠিকানা। সত্যিকারের জাতীয়তাবাদী চেতনা জাগ্রত না হলে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি আবারও গণতন্ত্র ও দেশের স্বাধীনতার বিরুদ্ধে সক্রিয় হতে পারে।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির ওপর আগ্রাসন দেখা দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সংস্কৃতি ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যেই জাসাস গঠন করেছিলেন। সেই লক্ষ্য বাস্তবায়নে সংগঠনটিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।
মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম. এ. মুসা বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুনুর রশীদ শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, লায়ন হেলাল উদ্দীন এবং কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মাহবুব রানা, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি এম রাজ্জাক, দক্ষিণ জেলা জাসাসের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় নেত্রী নাজমা সাঈদ, উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
অনুষ্ঠানে দোয়া ও ইফতারে অংশ নেন জাসাসের শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনের নেতারা।
Leave a Reply