
আলমগীর আলম,পটিয়া।
পটিয়ায় দুই দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সাঁতার, হ্যান্ডবল, কাবাডি ও দাবা—এই চারটি ক্যাটাগরিতে উপজেলার প্রায় ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নেয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপেন কান্তি দে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে।
এ সময় উপস্থিত ছিলেন আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা এবং হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে।
ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল ও দাবা বালক (সিনিয়র) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়।
হ্যান্ডবল মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। দাবা বালক (জুনিয়র) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়।
এ ছাড়া কাবাডি বালক বিভাগে ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজ এবং মহিলা বিভাগে আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ফারহানুর রহমান প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী ও আয়োজকদের সাধুবাদ জানান। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।
Leave a Reply