
মোঃ শহীদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের ফ্রিপোর্ট মোড় এলাকায় ফুটপাতকেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে হকার সমাজ। দীর্ঘদিনের ক্ষোভ ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে জাতীয়তাবাদী হকার্স দলের উদ্যোগে (২১ ফেব্রুয়ারি) রাত ৯টায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফ্রিপোর্ট মোড় এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক হকার শ্রমিক অংশ নেন। ব্যানার-ফেস্টুন হাতে তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্র রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নিয়মিতভাবে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হুমকি, ভয়ভীতি এমনকি মারধরের ঘটনাও ঘটছে বলে দাবি করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইপিজেড থানা জাতীয়তাবাদী হকার্স দলের সভাপতি মোঃ নাজিম উদ্দিন রকি, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। বক্তারা বলেন, “আমরা হতদরিদ্র পরিবারের সদস্য। ফুটপাতে ছোট ব্যবসা করে কোনো রকমে সংসার চালাই। কিন্তু প্রতিদিন চাঁদার টাকা জোগাড় করতে গিয়ে আমরা নিঃস্ব হয়ে পড়ছি। এভাবে চলতে থাকলে আমাদের বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে।”
বক্তারা আরও অভিযোগ করেন, ‘চাঁদাবাজ চক্র’ দীর্ঘদিন ধরে এলাকাটিকে নিয়ন্ত্রণে রেখে হকারদের কাছ থেকে নির্দিষ্ট হারে টাকা আদায় করছে। এতে ব্যবসায়িক পরিবেশ নষ্ট হচ্ছে এবং সাধারণ হকাররা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ছেন।
সমাবেশ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজি বন্ধে দৃশ্যমান পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। তবে হকারদের দাবি—ফ্রিপোর্ট এলাকায় চাঁদাবাজি বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না এলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।
Leave a Reply