
এম এম আবু বকর হারুন
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে আন্তজেলা চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ভুজপুর থানা পুলিশ। চট্টগ্রাম ও কুমিল্লায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত ২টি নোহা মাইক্রোবাস, ২টি VISION 48V 100 AH ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গত ৩১ আগস্ট ভোরে ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজারে গ্রামীণফোনের একটি টাওয়ারের BTS রুমের লক গার্ড ভেঙে ৪টি ব্যাটারি চুরি হয়। এর কয়েক দিন আগে একই থানার গার্ডের বাজার এলাকার আরেকটি টাওয়ার থেকে ৬টি ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর ভুজপুর থানায় মামলা দায়ের করে।
মামলার তদন্তে পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় ভুজপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোঃ সোহাগ (৩৪), সাহিদ হোসেন প্রকাশ শিবলু (৩২), মোঃ শামসুদ্দিন (৪১), মোঃ মোজাম্মেল হক (৩২) ও মোঃ ইউনুস (৪২)-কে গ্রেপ্তার এবং চুরির কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়।
পরবর্তীতে ২৮ অক্টোবর আদালতের অনুমতিক্রমে গ্রেপ্তারকৃতদের ২ দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ অক্টোবর কুমিল্লার লাকসাম এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাইফুল ইসলাম স্বপন (৪৪)-কে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি থেকে আরও একটি নোহা মাইক্রোবাস এবং ২টি চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ আন্তজেলা চক্রের সদস্য বলে জানা গেছে। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের নাম-ঠিকানা:
১। মোঃ সোহাগ (৩৪), পিতা- মৃত তৈয়ব আলী, সাং- নাউটি, থানা- লাকসাম, জেলা- কুমিল্লা।
২। সাহিদ হোসেন প্রকাশ শিবলু (৩২), পিতা- আবুল হোসেন প্র. বাবু লাল, সাং- নুরার চর, পোঃ- আটি বাজার, থানা- কেরানীগঞ্জ, জেলা- ঢাকা।
৩। মোঃ শামসুদ্দিন (৪১), পিতা- মৃত রফিকুল ইসলাম, সাং- নাউটি (মজুমদার বাড়ি), থানা- লাকসাম, জেলা- কুমিল্লা।
৪। মোঃ মোজাম্মেল হক (৩২), পিতা- মৃত আবুল কাসেম, সাং- নাউটি, থানা- লাকসাম, জেলা- কুমিল্লা।
৫। মোঃ ইউনুস (৪২), পিতা- সিরাজুল ইসলাম, সাং- ঘোষগাঁও, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা।
৬। মোঃ সাইফুল ইসলাম স্বপন (৪৪), পিতা- মফিজুর রহমান, মাতা- ফাতেমা বেগম, সাং- পশ্চিম গাঁ (ঠাকুর পাড়া), ৫নং ওয়ার্ড, লাকসাম পৌরসভা, থানা- লাকসাম, জেলা- কুমিল্লা।
উদ্ধারকৃত আলামত: ২টি নোহা মাইক্রোবাস, ২টি VISION 48V 100 AH ব্যাটারি (বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা) এবং চুরির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম।
চুরি যাওয়া অবশিষ্ট ব্যাটারি উদ্ধার ও এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply