
এম এম আবু বকর হারুন
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল আলম (২৬) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ফরহাদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল আলম নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের আছিয়া চা বাগান এলাকার বাসিন্দা মানু মিয়ার ছেলে। তিনি পেশায় কাঠুরে ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দৈনিক বেতনে গাছ কাটার কাজ করতেন এবং তাঁর চার ছেলে মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পূর্ব ফরহাদাবাদ এলাকায় একটি গাছ কাটার সময় বৃষ্টির কারণে গাছের একটি ডাল পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এতে গাছের সঙ্গে ছিটকে পড়ে জামাল আলম বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কামরুল হাসান জানান, হাসপাতালে আনার আগেই জামাল আলমের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, জামাল আলমের অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও আছিয়া চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply