
বোয়ালখালী প্রতিনিধি:
‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
মঙ্গলবার বিকেলে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
এরশাদ উল্লাহ বলেন, “আগামীর বিশ্ব হবে জ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার লড়াইয়ের বিশ্ব। নতুন প্রজন্মের সামনে সেই কঠিন চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় কঠোর পরিশ্রমের পাশাপাশি বুদ্ধিভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে।”
তিনি বলেন, “জিপিএ-৫ পাওয়াই জীবনের একমাত্র সাফল্য নয়। এটি জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা মাত্র। সামনে বিশাল পথ পড়ে আছে। বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন পূরণের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “সততা, নিষ্ঠা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধে আলোকিত মানুষ হতে হবে। সমাজ ও দেশের প্রতি তোমাদের অনেক দায়িত্ব রয়েছে। নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলে আগামীর বাংলাদেশকে পথ দেখাতে হবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও কৃতী সংবর্ধনা উদযাপন পরিষদের আহ্বায়ক মো. শওকত আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার কানিজ ফাতেমা, সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী।
এ ছাড়া বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. ইলিয়াছ ও মাওলানা এরশাদুল ইসলাম।
অনুষ্ঠানে অভিনয়ে প্রাথমিক জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী মনীশ ক্ষেত্র চৌধুরী এবং জিপিএ-৫ পাওয়া আদিত্য বড়ুয়া, নাফিজা ইসলাম ও আদিত্য সরকার নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় ও দলীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সংগীত পরিবেশন করেন বাউল মোজাহের ও উদীয়মান শিল্পী উম্মে কাউছার নিঝুম।
Leave a Reply